‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর! | চ্যানেল আই অনলাইন

‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড় খবর! | চ্যানেল আই অনলাইন

বলিউড তারকা রণবীর কাপুর ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাদের বহুল আলোচিত ছবি ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে বড় আপডেট দিয়েছেন। পরিচালক জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু হবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।

২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘অ্যানিমেল’–এর কাহিনিকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেবে ‘অ্যানিমেল পার্ক’। এই ছবির মূল গল্প হবে একইরকম দেখতে দুই ভাই- রণবিজয় ও আজিজের সরাসরি সংঘর্ষ!

বুধবার জাপানে ‘অ্যানিমেল’–এর প্রিমিয়ারের পর ভার্চুয়ালি দর্শকদের সঙ্গে কথা বলার সময় ভাঙ্গা বলেন,“আমার বর্তমান ছবি ‘স্পিরিট’ শেষ করার পরই ‘অ্যানিমেল পার্ক’ শুরু করব। এখানে আরও বেশি ‘অ্যানিম্যাল’ থাকবে, কারণ আজিজ নিজেও আরেকটি প্রাণী! এখন গল্পটা দুই ভাইয়ের যুদ্ধকে ঘিরেই এগোবে। তাই ‘অ্যানিমেল পার্ক’ নামটাই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।”

প্রথম ছবিতে দেখা যায়, শক্তিশালী শিল্পপতি বলবীর সিংহের (অনিল কাপুর) প্রতি অতিমাত্রায় আসক্ত ছেলে রণবিজয় সিংহ (রণবীর কাপুর) কীভাবে সহিংসতার পথে হাঁটে। বাবার ওপর হত্যাচেষ্টার পর সে ভয়ংকর প্রতিশোধযাত্রায় নামে, যার পরিণতিতে রক্তক্ষয় ও সম্পর্কের ভাঙন ঘটে। ছবির শেষে মূল খলনায়ক আবরারকে (ববি দেওল) পরাজিত করলেও পোস্ট-ক্রেডিট দৃশ্যে প্রকাশ পায় তার ভাই আজিজ, যে দেখতে হুবহু রণবিজয়ের মতো!

অ্যানিমেল পার্ক–এ দুটি চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর (রণবিজয় ও আজিজ)। এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন,“সন্দীপের সঙ্গে আবার সেটে ফিরতে মুখিয়ে আছি। একই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করা দারুণ চ্যালেঞ্জিং। প্রথম পর্বের সময়ই দ্বিতীয় অংশের গল্প তার মাথায় পরিষ্কার ছিল, যা একজন অভিনেতা হিসেবে আমাকে অনুপ্রাণিত করে।”

রণবীর আরও জানান, তিনি ও সন্দীপ নিয়মিত গল্প ও আইডিয়া নিয়ে আলোচনা করেন এবং আবার এই চরিত্রে ফিরতে তিনি দারুণ রোমাঞ্চিত।

‘অ্যানিমেল’ ছবিতে আরও অভিনয় করেছিলেন রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরী, শক্তি কাপুর, প্রেম চোপড়া, বাবলু পৃথ্বীরাজ, সুরেশ ওবেরয় ও সৌরভ সচদেবা। প্রায় ৯০০ কোটি রুপি আয়ের এই ছবি ২০২৩ সালের অন্যতম বড় বক্স অফিস সাফল্য হলেও এর অতিরিক্ত সহিংসতা ও বিতর্কিত বিষয়বস্তু নিয়ে সমালোচনাও হয়। ডিএনএ ইন্ডিয়া

Scroll to Top