Last Updated:
রাজ্যস্তরের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার জয়জয়কার মেদিনীপুরের পার্শ্ববর্তী জেলা হুগলির। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এবং একাধিক পুরস্কার জিতে ২৪ টি জেলার মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

পশ্চিম মেদিনীপুর: রাজ্যস্তরের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার জয়জয়কার মেদিনীপুরের পার্শ্ববর্তী জেলা হুগলির। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এবং একাধিক পুরস্কার জিতে ২৪ টি জেলার মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সম্মানজনক স্থানে পশ্চিম মেদিনীপুর। বিপ্লবের মাটি মেদিনীপুরে বহু বছর পর আয়োজন করা হয় রাজ্যস্তরীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। তবে এবার সেই প্রতিযোগিতায় প্রায় ২৪ টি জেলার প্রতিযোগীদের মধ্যে সেরার সেরা হয়েছে হুগলি জেলা। প্রতিযোগীদের ঝুলিতে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক। ১৭ বছর পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া আয়োজনের সুযোগ পেয়েছিল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এই রাজ্য ক্রীড়ার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সর্বাঙ্গসুন্দর আয়োজনের জন্য তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে।
আরও পড়ুন: ওজন ২০০ কেজি, পেটুয়াঘাটে মত্সজীবীদের জালে ‘দানবাকার’ ওটা কী? দাম কত উঠল জানেন?
দু’দিনব্যাপী চলার রাজ্য স্তরের এই প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি জেলার (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ২৫) প্রায় ৮৫০ জন শিশু শিক্ষার্থীদের (প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার) ৬৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি জেলা। শনিবার সন্ধ্যায় এই প্রতিযোগিতা তথা ক্রীড়া উৎসবের শুভ সমাপ্তি ঘোষণাকরেন পর্ষদের সভাপতি গৌতম পাল।সর্বমোট ৩৪টি ইভেন্টের মধ্যে ১৫টি ইভেন্টেই পদক জিতে নিয়েছে হুগলির কচিকাঁচারা। ৬টি ইভেন্টে প্রথম, ৫টি ইভেন্টে দ্বিতীয় এবং ৪টি ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছে হুগলির ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: নামমাত্র যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ! দ্রুত আবেদন করুন, জানুন আবেদনের নিয়ম, শেষ তারিখ
হুগলী ছাড়াও এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে দুই ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ) এবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা মার্চ পাস্ট এবং যোগাতে প্রথম স্থান অধিকার করেছে। সর্বোপরি আয়োজক হিসেবেও শিরোমণি, বিদ্যাসাগর আর ক্ষুদিরামের জেলা প্রশংসা কুড়িয়েছে এবার। প্রসঙ্গত শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় তুলে ধরা হয়েছে জেলার সংস্কৃতি। ইতিহাসকে সবার সামনে মেলে ধরেছে আয়োজকেরা। শনিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হুগলীজেলার হাতে শিল্ড এবং ট্রফি তুলে দেওয়া হয়। পর্ষদের সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও রোমান মন্ডল প্রমুখ। চ্যাম্পিয়ন জেলাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
পর্ষদের সভপতি গৌতম পাল জানিয়েছেন, “সফলভাবে শেষ হল প্রাথমিকের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব। এই দু’দিন উৎসবের মেজাজে আমরা সকলে মিলে সর্বাঙ্গীন সুন্দরভাবে সুবিশাল এই আয়োজন সামলেছি। আয়োজক জেলা পশ্চিম মেদিনীপুরকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে, সবকিছু নিখুঁতভাবে আয়োজনের জন্য।” পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে সোমবার (৩ মার্চ) পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন।
রঞ্জন চন্দ
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 02, 2025 9:11 PM IST
Govt Job Vacancy: নামমাত্র যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ! দ্রুত আবেদন করুন, জানুন আবেদনের নিয়ম, শেষ তারিখ, যাবতীয় খুঁটিনাটি