Last Updated:
সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুমৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের। দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, স্কুলের গেটে ঝুলছে তালা। বুধবার থেকে স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। আপাতত স্থগিত পরীক্ষা

উলুবেড়িয়া: সোমবার উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশু ঈশিকা মণ্ডলের মা আলপনা মণ্ডলের। দুর্ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ স্কুল, স্কুলের গেটে ঝুলছে তালা। বুধবার থেকে স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। আপাতত স্থগিত পরীক্ষা।
সোমবারের মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা। গাড়ির গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, মাত্র পনেরো হাজার টাকায় কেনা হয়েছিল গাড়িটি। অভিভাবকদের দাবি, পুলকার ঠিক করে দিত স্কুল। নিয়মিত যে পুলকারটি পড়ুয়াদের স্কুল থেকে নিয়ে আসত, সেটি কোনও কারণে স্কুলেই পড়ে রয়েছে। সেই গাড়ির বদলে গত ২-৩ দিন ধরে আসছিল অন্য পুলকারটি।
সোমবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে উলুবেড়িয়া। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে যায় একটি পুলকার। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয়, আহত দুই। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফিরছিল পুলকারটি। বহিরা গ্রামের কাছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সোজা পুকুরে গিয়ে পড়ে পুলকারটি। সেই সময় গাড়িতে ছিল ৫ পড়ুয়া। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে, খবর দেওয়া হয় পুলিশে, পরে পুকুরে ডুবুরি নামানো হয়।
কিছু ক্ষণের চেষ্টায় পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়ারা হল শৌভিক দাস (১১), ইশিকা মণ্ডল (৭) এবং আরীন দাস (৯)। তিন জনেই ওই এলাকারই বাসিন্দা।
Kolkata,West Bengal
November 25, 2025 1:14 PM IST
Uluberia Pool Car Accident: স্কুলে ঝুলছে তালা, পুলকার দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর দায় স্কুল কর্তৃপক্ষের, দাবি মৃত শিশুর মায়ের



