শনিবার ভোরে শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। শক্তিতে বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে বেশ পিছিয়ে নবাগত দেশটি। তবে আলবিসেলেস্তেদের জন্য ম্যাচ বেশ কঠিন হবে, বলছেন কোচ লিওনেল স্কালোনি।
এখনও এক ম্যাচ না হারা কেপ ভার্দে অপরাজিত থেকে নকআউটে এসেছে। গ্রুপপর্বে স্পেন এবং সৌদি আরবের বিপক্ষে জাল অক্ষত রেখে গোলশূন্য ড্র করেছে। উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। রক্ষণের পাশপাশি আক্রমণেও বেশ পারদর্শী তারা। তাদের ম্যাচ ঘুরিয়ে দেয়া সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা করতে পারছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ স্কালোনি।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি তাই বললেন, ‘আমরাও সবার মতো উত্তেজিত, কিন্তু আমাদের এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, যাদের সম্মান করতেই হবে। যারা খুব ভালো করেছে। ব্যবধান এখন কমে আসছে। মনে করি এটা সহজ হবে না। এটাই বাস্তবতা।’
‘এটি এমন একটি দল যারা কখনও হারেনি। এমনকি কিছু ম্যাচে তারা আরও ভালো করার যোগ্য ছিল। আমার মনে হয় সৌদি আরবের বিপক্ষে তাদের জেতা উচিত ছিল। স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে, হয়তো কিছুটা বেশি ভুগেছে, কিন্তু তারা ভালোভাবে রক্ষণ করেছে।’
‘তারা ভেতরের পাস ভালোভাবে আটকে দেয় এবং তারপর পাল্টা আক্রমণে খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারা ভালো খেলতে চায়। একটি ভালো দল, আগে থেকেই তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখছিলাম। তারা এখানে এমনি এমনি আসেনি, তাদের সম্মান করতে হবে এবং আমরা সেটাই করব।’
বাংলাদেশ সময়য় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হার্ড রক স্টেডিয়াম, মিয়ামিতে খেলা।




