
ছবি: সংগৃহীত
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-মাল্লামাহ প্রত্নতাত্ত্বিক স্থানে একটি প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছে দেশটির হেরিটেজ কমিশন। মসজিদটি হিজরি প্রথম শতাব্দীর স্থাপনা বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাহা অঞ্চলে আল-মাল্লামাহ প্রত্নতাত্ত্বিক স্থানে চতুর্থ দফার খননকাজের সময় মসজিদটির সন্ধান মেলে। প্রাচীন এই স্থাপনাটি গ্রানাইট পাথর দিয়ে নির্মিত। মসজিদটির স্থাপত্যে সরলতার সঙ্গে নিখুঁত নির্মাণশৈলীর সমন্বয় দেখা গেছে।
মসজিদটির মেহরাব, প্রবেশদ্বার ও মিনারের নকশা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থাপনাটির উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য ১৬ মিটার এবং পূর্ব-পশ্চিমে প্রস্থ ১০ মিটার।
সৌদি হেরিটেজ কমিশনের মতে, নতুন আবিষ্কৃত মসজিদটি দেশটির প্রাথমিক ইসলামি স্থাপত্য ও ধর্মীয় ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
আল-মাল্লামাহ মূলত একটি প্রাচীন খনিজ উত্তোলন এলাকা। এর আবাসিক অংশের পশ্চিম দিকে খননকাজ চালিয়ে মসজিদটির সন্ধান পাওয়া যায়। মসজিদের আশপাশে পাথরের তৈরি বেশ কয়েকটি কক্ষও আবিষ্কৃত হয়েছে। এসব কক্ষ সামাজিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। সেখানে গুদামঘর ও পানির বেসিনের সন্ধানও মিলেছে।
খননকাজে সোপস্টোন ও মাটির পাত্রের টুকরো, পাথরের বিভিন্ন সরঞ্জাম, হামানদিস্তা এবং শানপাথরের অংশ পাওয়া গেছে। এসব নিদর্শন ওই এলাকার প্রাচীন বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে ধারণা দিচ্ছে।
বাহা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান আল-মাল্লামাহ। প্রাচীনকাল থেকেই এলাকাটি সোনা, রুপা ও তামার আকরিক উত্তোলনের জন্য পরিচিত।
আগের খননকাজে সংগ্রহ করা জৈব নমুনার পরীক্ষায় দেখা গেছে, ইসলামপূর্ব যুগেও সেখানে খনিজ উত্তোলন করা হতো। পরে ষষ্ঠ শতাব্দীর শেষভাগ থেকে নবম শতাব্দীর মধ্যে খনিজ উত্তোলন ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও ব্যাপক আকার ধারণ করে।
খনিজ উত্তোলনের প্রসারের সঙ্গে সেখানে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। এর মধ্যে অস্থায়ী বসতি ও আকরিক গলানোর কারখানাও ছিল। ফলে প্রাথমিক ইসলামি যুগে এলাকাটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে।
সৌদি হেরিটেজ কমিশন জানিয়েছে, দেশজুড়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননকাজ অব্যাহত থাকবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন আবিষ্কৃত নিদর্শনগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতিও আরও আধুনিক করা হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…