Last Updated:
Toto: যাত্রী সেজে টোটোয় উঠে টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চালকের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ওই ৪ দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে পালায়।

বীরভূম, সৌভিক রায়ঃ বাড়িতে চুরি, মন্দিরে চুরি অথবা ব্যাঙ্কে চুরির ঘটনা প্রায়শয়ই দেখা ও শোনা যায়। তবে বীরভূমে এবার প্যাসেঞ্জারই ছিনতাইবাজ! টোটো চালক বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। বোলপুর শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুর এলাকার এই ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
বোলপুরের মকরমপুর এলাকার স্থানীয় বাসিন্দা তথা আক্রান্ত সেই টোটো চালক রতন দাস বলেন, মকরমপুর এলাকা থেকে এক জন উত্তর নারায়ণপুর হেলিপ্যাডের কাছে যাওয়ার কথা বলে টোটোয় উঠেছিলেন। হেলিপ্যাডের কাছে পৌঁছতেই আশপাশ থেকে আরও ৩ জন সেখানে হাজির হয়ে টোটো নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রতনের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে ওই ৪ দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে টোটোটি ছিনিয়ে নিয়ে পালায়।
আক্রান্ত টোটো চালক বলেন, “অনেক কষ্ট করে টাকা জমিয়ে টোটো কিনেছিলাম। এই টোটো চালিয়ে সংসার চলে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই চোরকে ধরে আমার টোটো আমার কাছে ফিরিয়ে দিক পুলিশ।” অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, “এমন ঘটনায় আমরা আতঙ্কিত। এই রকম হতে থাকলে টোটো চালকেরা রাতে ওই রাস্তায় টোটো নিয়ে যেতে ভয় পাবেন।”
Birbhum,West Bengal
November 05, 2025 9:12 PM IST



