Last Updated:
Shubhanshu Shukla: Ax-4 মিশনে মহাকাশে গিয়ে ইতিহাস গড়েছেন ভারতের শুভাংশু শুক্লা। তবে, নির্ধারিত সময়ে ফিরছেন না তিনি ও তাঁর দল। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছে, অন্তত ১৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) থাকছেন তাঁরা।

Ax-4 মিশনে মহাকাশে গিয়ে ইতিহাস গড়েছেন ভারতের শুভাংশু শুক্লা। তবে, নির্ধারিত সময়ে ফিরছেন না তিনি ও তাঁর দল। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছে, অন্তত ১৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) থাকছেন তাঁরা। যদিও ঠিক কবে তাঁরা পৃথিবীতে ফিরবেন, সেই তারিখ এখনও চূড়ান্ত নয়।
মিশনটি পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন-ভিত্তিক কোম্পানি অ্যাক্সিয়াম স্পেস। ২৬ জুন মহাকাশযাত্রা শুরু করা এই দলে শুভাংশুর সঙ্গে রয়েছেন অভিজ্ঞ মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু।
এই ঐতিহাসিক মিশনকে সমর্থন করছে ভারত-সহ মোট চারটি দেশের সরকার। এছাড়াও, ৩১টি দেশ বিভিন্ন প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে সহায়তা দিয়েছে। মহাকাশে তাঁরা স্বাস্থ্য, পদার্থবিদ্যা, এবং মহাকাশ প্রযুক্তির নানা গবেষণায় ব্যস্ত রয়েছেন।
ইউরোপীয় সংস্থা জানিয়েছে, তাদের প্রকল্প মহাকাশচারী উজনানস্কি ১৪ জুলাইয়ের আগে জার্মানির কোলনের ইউরোপীয় অ্যাস্ট্রোনট সেন্টারে (EAC) ফিরতে পারবেন না। তবে, ফেরার নির্দিষ্ট তারিখ নির্ভর করছে ড্রাগন স্পেসক্রাফটের আনডকিংয়ের উপর।
ফেরার পর পোল্যান্ডের উজনানস্কিকে রাখা হবে DLR-এর ‘envihab’ গবেষণাগারে, যেখানে তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে পরবর্তী মহাকাশ মিশনের প্রস্তুতির জন্য।
এদিকে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO এখনও শুভাংশুর ফেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিলম্বের ঘোষণা করেনি। মহাকাশ সংস্থার সামাজিক মাধ্যমেও এখনও পর্যন্ত বিলম্বের কোন ঘোষণা করা হয়নি।
Kolkata,West Bengal
July 11, 2025 12:02 AM IST