
Last Updated:
Union Budget 2025: জানা গিয়েছে, আয়কর ছাড়ের নিয়মে পরিবর্তন আনা হতে পারে। তবে এই সুবিধা শুধুমাত্র নতুন কর ব্যবস্থাতেই মিলবে।
করদাতাদের জন্য সুখবর আসতে চলেছে। তাও একটা নয়, দু-দুটো। বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থ মন্ত্রকে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার এবং করদাতাদের ব্যয়ের ক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।
জানা গিয়েছে, আয়কর ছাড়ের নিয়মে পরিবর্তন আনা হতে পারে। তবে এই সুবিধা শুধুমাত্র নতুন কর ব্যবস্থাতেই মিলবে। সূত্রের খবর, দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। প্রথমত, নতুন কর ব্যবস্থাকে আকর্ষণীয় করতে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত, ১৫ থেকে ২০ লক্ষ টাকার ট্যাক্স স্ল্যাবে করদাতাদের বিশেষ সুবিধা দেওয়া হতে পারে।
আরও পড়ুন: বাজেটের আগে সোনা কিনে রাখলে কী লাভবান হবেন ? জেনে নিন
নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বর্তমানে ৭৫ হাজার টাকা। বাজেটে এই সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করা হতে পারে। আগের বাজেটেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছিল। এবার যদি ফের ছাড়ের সীমা বাড়ানো হয়, তাহলে করযোগ্য আয় কমবে। কর্মচারী এবং পেনশনভোগী, উভয়েই এর সুবিধা পাবেন। করদাতাদের হাতে টাকা থাকবে। তাঁরা সঞ্চয়ও করতে পারবেন।
দ্বিতীয় সুখবরটি হল, নতুন কর ব্যবস্থায় ২০ শতাংশ ট্যাক্স স্ল্যাবের পরিসর বাড়ানো হতে পারে। বর্তমানে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হয়। বাজেটে এই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হতে পারে। যাঁদের বার্ষিক আয় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে তাঁরা উপকৃত হবেন। মধ্য এবং উচ্চ আয়ের করদাতাদের আগের তুলনায় কম কর দিতে হবে। আর্থিক সাশ্রয়ও হবে।
আরও পড়ুন: Aadhaar Card দেখান, আর নিয়ে যান ৫০ হাজার টাকার লোন ! কোনও গ্যারান্টার ছাড়াই, কীভাবে দেখুন
চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএমও: ২০২৫-এর বাজেটে এখনও অনেক পরিবর্তন হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএমও। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে অর্থ মন্ত্রক। রিপোর্টে বলা হয়েছে, নতুন কর কাঠামোকে আরও আকর্ষণীয় করা জরুরি। এর জন্য কর ছাড়ের সীমা আরও বাড়াতে হবে। বর্তমানে নতুন কর কাঠামোয় বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও মেলে। তবে এর বাইরে আর কোনও ছাড় পাওয়া যায় না।
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে রাখাই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা ৪.৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে তা ৪.৫ শতাংশের নীচে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।
Kolkata,West Bengal
January 21, 2025 7:53 PM IST
Agriculture News: সারা বছর লিচুর স্বাদ মেটাবে লংগন, চাষ হচ্ছে বসিরহাটে