Last Updated:
অভিযুক্ত ওই তরুণীর নাম গুঞ্জা দেবী৷ পুলিশ জানতে পেরেছে, নিজের ৫৫ বছর বয়সি কাকা জীবন সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর৷

মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের স্মৃতি এখনও টাটকা৷ এবার বিয়ের দেড় মাসের মধ্যেই স্ত্রীর হাতে খুন হলেন এক যুবক৷ ২৫ বছর বয়সি মৃত ওই যুবকের নাম প্রিয়াংশু৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই তরুণীর নাম গুঞ্জা দেবী৷ পুলিশ জানতে পেরেছে, নিজের ৫৫ বছর বয়সি কাকা জীবন সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর৷ বিয়ের পর তাই কাকার সঙ্গে মিলেই নিজের স্বামীকে হত্যার ছক কষে ওই তরুণী৷ রীতিমতো দুই ভাড়াটে খুনিকে দিয়ে প্রিয়াংশুকে হত্যা করা হয়৷
বছর কুড়ির গুঞ্জা দেবী এবং দুই ভাড়াটে খুনিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ তরুণীর কাকা জীবন সিংয়ের খোঁজ করছে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, নিজের কাকাকেই বিয়ে করতে চেয়েছিল ওই তরুণী৷ কিন্তু পরিবার থেকে তাঁদের এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি৷ মাস দুয়েক আগে তরুণীর ইচ্ছের বিরুদ্ধেই নবীনগর থানা এলাকার বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে তরুণীর বিয়ে দেয় তার পরিবার৷
গত ২৫ জুন নিজের দিদির বাড়ি থেকে ফিরছিলেন প্রিয়াংশু৷ ট্রেন থেকে নেমে তিনি স্ত্রীকে ফোন করে বলেন, তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাউকে মোটরসাইকেল নিয়ে পাঠাতে৷ সেদিনই স্টেশন থেকে ফেরার পথে প্রিয়াংশুকে গুলি করে হত্যা করা হয়৷ বিয়ের ঠিক ৪৫ দিনের মাথায় খুন হন ওই যুবক৷
প্রিয়াংশুর মৃত্যুর পর পুলিশ অপরাধীদের খোঁজ শুরু করতেই তাঁর স্ত্রী গুঞ্জাদেবী গ্রাম থেকে পালানোর চেষ্টা করে৷ তখনই পুলিশ এবং প্রিয়াংশুর পরিবারের সন্দেহ তাঁর উপরে গিয়ে পড়ে৷ গুঞ্জা দেবীর ফোন কল রেকর্ড ডিটেলস থেকে পুলিশ জানতে পারে, নিজের কাকার সঙ্গে টানা যোগাযোগ ছিল তার৷ আবার গুঞ্জার কাকার সঙ্গে ফোনে একাধিকবার কথা হয় দুই ভাড়াটে খুনির৷
Kolkata,West Bengal
July 03, 2025 10:43 AM IST



