
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগীকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে দেখা গেছে, সেখানে ভিন্নধর্মী সাজে হাজির হয়েছেন মাহি। পুরো শরীর ঢাকা ফুলহাতা নীল রঙের ফিটিং পোশাকে তার উপস্থিতি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
মাহির পোশাকে ছিল নীল রঙের লম্বা একটি কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাকের নকশা ও উপস্থাপনায় আভিজাত্যের পাশাপাশি ছিল স্বতন্ত্র নান্দনিকতার ছাপ। প্রচলিত ধারার বাইরে তার এই পোশাক নির্বাচন বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছে।
স্থানীয় সময় রবিবার (২২ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। সেখানে তিনি মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব প্রকাশ করেন। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও জানান তিনি।
মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে। অনেকেই মনে করছেন, বিকিনি ছাড়াও ভিন্নধর্মী পোশাকে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন তিনি। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। এর মাধ্যমে মাতৃত্বের ভালোবাসা ও বন্ধনের বার্তা তুলে ধরেন বাংলাদেশের এই প্রতিনিধি।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


