
এআই দিয়ে সম্পাদিত ছবি।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়া প্রত্যেক ছাত্রী এখন থেকে সরকারি উপবৃত্তি পাবে। সাধারণ ধারার স্কুল, কলেজ ও মাদ্রাসার মেয়েরা এর আওতায় আসবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে চলা সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ১৮ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে উপজেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ শুরু করতে বলেছে।
নির্দেশনাটি জারি করেছেন কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক। এত দিন উপবৃত্তি পেত বাছাই করা শিক্ষার্থীরা। চলতি বছরের মাঝামাঝিও ট্রাস্ট আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নিয়েছিল। নতুন সিদ্ধান্তে মেয়েদের ক্ষেত্রে সেই বাছাই উঠে যাচ্ছে। তবে ছেলে শিক্ষার্থীদের জন্য আগের নিয়মই বহাল থাকছে।
কাদের নতুন হিসাব খুলতে হবে?
যেসব ছাত্রী এখন কর্মসূচির টাকা পাচ্ছে, কিংবা যাদের তথ্য আগে থেকেই কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে তোলা আছে, তাদের নতুন করে কিছু করতে হবে না। যারা এখনো উপবৃত্তি পায় না, তাদের নিজের নামে অথবা অভিভাবকের নামে একটি হিসাব খুলতে হবে। টাকা পাঠানো হবে জিটুপি পদ্ধতিতে, অর্থাৎ সরকার সরাসরি সেই হিসাবে অর্থ পাঠাবে। অনলাইন সুবিধাসহ যেকোনো তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং, এই তিন ধরনের হিসাবের যেকোনোটি ব্যবহার করা যাবে।
অভিভাবক হিসেবে প্রথমে বিবেচনা করা হবে মা বা বাবাকে। তাদের কারও নামে ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে আগে থেকে হিসাব থাকলে সেটি দেওয়া যাবে, না থাকলে নতুন খুলে নেওয়া যাবে। তবে আবেদনে যাকে অভিভাবক লেখা হবে, হিসাবটিও তারই হতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের শর্ত কী?

মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে শর্ত তুলনামূলক কড়া। মা অথবা বাবার মধ্যে অন্তত একজন জীবিত থাকলেই কেবল এ সুযোগ মিলবে। আবেদনে যার নাম অভিভাবক হিসেবে থাকবে, ফোনের সিম নিবন্ধিত হতে হবে তার নিজের জাতীয় পরিচয়পত্রে, আর মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে তার নামেই। নির্দেশনায় উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, বাবাকে অভিভাবক দেখালে সিম ও হিসাব দুটোই বাবার পরিচয়পত্রে হতে হবে। ফলে আবেদনে বাবার নাম থাকলেও সিম যদি মায়ের পরিচয়পত্রে নিবন্ধিত হয়, তাহলে টাকা পাঠানো যাবে না।
বাবা-মা না থাকলে কী করতে হবে?
কোনো ছাত্রীর মা-বাবা দুজনেই মারা গেলে অভিভাবক হতে পারবেন তার সহোদর ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির মধ্যে যেকোনো একজন। এ অবস্থায় মোবাইল ব্যাংকিং চলবে না। ছাত্রীর নিজের নামে ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে স্কুল ব্যাংকিং হিসাব খোলাতে হবে, আর সে সময় লাগবে বিকল্প অভিভাবকের জাতীয় পরিচয়পত্র।
এমন কোনো আত্মীয়ও না থাকলে ছাত্রী যে প্রতিষ্ঠানে পড়ে, তার প্রধান একটি প্রত্যয়নপত্র দেবেন। তাতে তৃতীয় কাউকে অভিভাবক দেখানো হবে। শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে তোলার সময় প্রত্যয়নপত্রটিও সেখানে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে টাকা যাবে কেবল ছাত্রীর নিজের নামের স্কুল ব্যাংকিং হিসাবে, তফসিলি ব্যাংকে।
ব্যাংকিং হিসাবটি কখন স্থগিত হয়ে যাবে, স্থগিত হলে করনীয়
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাবটি স্থগিত হয়ে যাবে। তখন নিজের জাতীয় পরিচয়পত্র নিয়ে ব্যাংকে গিয়ে হিসাব হালনাগাদ করাতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির অনেক ছাত্রীর বয়স এ সময়ের মধ্যে ১৮ পেরিয়ে যায় বলে বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ।
হিসাব খোলার সময় কেওয়াইসি, অর্থাৎ গ্রাহক পরিচিতির ফরম নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত নিয়ম না মানলে জিটুপি পদ্ধতিতে টাকা পাঠানো সম্ভব হবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। সিম নিবন্ধন, পরিচয়পত্র আর হিসাবের তথ্য, এই তিনের মধ্যে সামান্য অমিলও টাকা আটকে দিতে পারে।
যেসব প্রতিষ্ঠান এখনো কর্মসূচির আওতায় নেই, তাদের করনীয় কী?

যেসব প্রতিষ্ঠান এখনো কর্মসূচির আওতায় নেই, সেগুলোর জন্যও সুযোগ রাখা হয়েছে। শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন এবং ব্যানবেইসের ইআইআইএন নম্বর থাকলে প্রতিষ্ঠানগুলো নতুন করে যুক্ত হতে পারবে। এ জন্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদনের ফরম ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাস্টকে জানাতে হবে। এলাকার সব প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি অবহিত করা এবং পুরো কার্যক্রম তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে এই কর্মকর্তাদের।
তবে নতুন ব্যবস্থায় প্রত্যেক ছাত্রী কত টাকা পাবে, তা এখনো জানানো হয়নি। হিসাব খোলা বা তথ্য জমা দেওয়ার শেষ তারিখ এবং প্রথম কিস্তির টাকা কবে আসবে, সে বিষয়েও এখন পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি।
অভিভাবকদের জন্য করণীয়
অভিভাবকদের জন্য করণীয় মোটামুটি স্পষ্ট। মেয়ে আগে থেকে উপবৃত্তি পেলে কিছু করার নেই। না পেলে এবং মা বা বাবা জীবিত থাকলে তাদের নামে ব্যাংক, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের যেকোনো একটিতে হিসাব খোলাতে হবে; মোবাইল ব্যাংকিং বেছে নিলে সিম ও হিসাব একই অভিভাবকের পরিচয়পত্রে হওয়া চাই। মা-বাবা না থাকলে নিকটাত্মীয়ের পরিচয়পত্র দিয়ে মেয়ের নামে স্কুল ব্যাংকিং হিসাব খোলাতে হবে, আর কোনো আত্মীয় অভিভাবকও না থাকলে লাগবে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র।
হিসাব খোলার আগে মেয়ের স্কুল, কলেজ বা মাদ্রাসার প্রধানের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো। তথ্য সফটওয়্যারে তোলার কাজ প্রতিষ্ঠান থেকেই হয়, তাই কোন হিসাবের তথ্য জমা দেওয়া হচ্ছে এবং নামের বানান ঠিক আছে কি না, সেটি সেখানেই মিলিয়ে নেওয়া যায়। তবে উপবৃত্তির টাকার পরিমাণ ও সময়সীমা এখনো জানানো না হওয়ায় এ নিয়ে কারও কথায় বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করাই নিরাপদ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

