বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার নাম ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ উইঙ্গার। ভক্ত-সমর্থকদের কেউ কেউ তাঁকে ডাকছেন ‘বাংলাদেশের মেসি’ নামে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার তাঁর ক্লাবচুক্তি, বাজারমূল্য ও রিলিজ ক্লজ নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
ফারহানকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবগুলোর জন্য কত অর্থ খরচ করতে হতে পারে, সে বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ইংলিশ ক্লাব ফুলহামের সঙ্গে তাঁর চুক্তিতে নির্দিষ্ট কোনো রিলিজ ক্লজ বা বাই-আউটের অঙ্ক প্রকাশ করা হয়নি। ফলে বর্তমান বাজারমূল্য জানা গেলেও তাঁকে দলে নিতে প্রকৃত ট্রান্সফার ফি কত হতে পারে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ফারহানের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর বাজারমূল্য সর্বশেষ হালনাগাদ করা হয়।
ফুলহামের সঙ্গে ফারহানের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ক্লাবটি। বর্তমানে ধারে অন্য দলের হয়ে খেললেও তাঁর মূল চুক্তি ফুলহামের সঙ্গেই রয়েছে।
ফারহানের ফুটবলযাত্রা শুরু হয়েছিল চেলসির একাডেমিতে। ২০১৯ সালে ফুলহামের বয়সভিত্তিক দলে যোগ দিয়ে শুরু হয় তাঁর নতুন অধ্যায়। অনূর্ধ্ব-১২ দল থেকে ধাপে ধাপে উন্নতি করে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫-২৬ মৌসুমে এই দলের হয়ে প্রিমিয়ার লিগ-২ প্রতিযোগিতায় ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন নয়টি।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন ফারহান। ওই মৌসুমে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান তিনি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে জেতেন মাসসেরার পুরস্কার। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরার সম্মানও উঠেছে তাঁর হাতে।
সিনিয়র ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ২০২৬ সালের আগস্টে তাঁকে ধারে ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উডে পাঠায় ফুলহাম। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত সেখানে খেলার কথা রয়েছে তাঁর। ক্লাবটির হয়ে ২০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন এই তরুণ।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের জার্সিতে তাঁর পারফরম্যান্স ঘিরে সমর্থকদের প্রত্যাশাও বাড়ছে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র পর্যায়ে ধারাবাহিকতা ধরে রাখা। বোরহ্যাম উডে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে ফুলহামের মূল দল কিংবা অন্য বড় ক্লাবে খেলার সুযোগ তৈরি হতে পারে। সে কারণে ফারহানের পরবর্তী ফুটবলযাত্রার দিকে তাকিয়ে বাংলাদেশের সমর্থকেরা।



