
ঢাকা,০৭ নভেম্বর-ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৩টার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি।
বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকা মুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আগের দিন থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কারও হাতে ছিল দলীয় পতাকা, আবার কারও হাতে ব্যানার ও ফেস্টুন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের ভিড় জমে।
এই শোভাযাত্রায় ব্যতিক্রমী কিছু আয়োজনও সবার নজর কেড়েছে। ঘোড়ার গাড়ি ও হাতিসহ ব্যানার-ফেস্টুন নিয়ে বিশাল মিছিলসহকারে যোগ দেন নেতাকর্মীরা। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করেছে।
এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


