সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকিন হান্না বলেন, গতকাল হাসপাতালে রোগীর চাপ বেশি ছিল। অস্ত্রোপচারের জন্য প্রায় ৬০ জন রোগী ছিলেন। সেখানে ভিড় থাকায় সিরিয়াল নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালান। এ ঘটনায় দুই চিকিৎসক আহত হন। সেখানে রোগীর স্বজনদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন। এ সময় এমবিবিএস ও বিডিএসের শিক্ষার্থীরা হাত তোলেন। পরবর্তী সময়ে এ নিয়ে ঝামেলা হয়। যাঁরা সেখানে ছিলেন, তাঁদের পুলিশ নিয়ে গেছে।
দুই সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে রাকিন হান্না বলেন, ‘দুজনের কথা জানি না, একজনকে জানি। তবে তিনি আদৌ সাংবাদিক কি না। এখন মারার পর সব সাংবাদিক হয়ে যায়।’
হাসপাতালের উপপরিচালক হুমায়ুন কবিরকে গতকাল রাতে ও আজ বৃহস্পতিবার সকালে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, হাসপাতালের পরিস্থিতি শান্ত আছে।

