
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারের বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ১০ম স্থলবাহিনী সংলাপ।
সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ সংলাপ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। এতে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপ শুরুর আগে ২৬ অক্টোবর সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ডের কৌশল ও পরিকল্পনাবিষয়ক উপপ্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
সংলাপে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা।
এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দুই দেশের সমন্বিত প্রস্তুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের নিয়মিত সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

