ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার দলের সদস্যদের যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে নিউ জার্সি যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের কর্মীরা তাদের বিমানে উঠতে বাধা দেন বলে অভিযোগ করেছেন ইমন। এ সময় তাদের ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র ভাঙার দায়ও নিতে অস্বীকৃতি জানানো হয় বলে দাবি তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ইমন চক্রবর্তী পুরো ঘটনা তুলে ধরেন। তিনি জানান, নিউ জার্সির অনুষ্ঠানে যোগ দিতে তারা নির্ধারিত সময়েই ডালাস বিমানবন্দরে পৌঁছান। তবে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ওঠার সময় তাদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ জানালে বিমান সংস্থার কর্মীরা দুর্ব্যবহার করেন এবং ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।
ইমনের অভিযোগ, তার দলের সদস্যদের পেশাদার বাদ্যযন্ত্রের নিরাপত্তা নিয়েও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন বিমান সংস্থার কর্মীরা। বাদ্যযন্ত্র ভেঙে গেলে এর দায়ভার বিমান সংস্থা নেবে না বলেও জানানো হয়।
এ ঘটনায় নির্ধারিত ফ্লাইটটি মিস করেন ইমন ও তার দলের সদস্যরা। পরে তাদের জানানো হয়, পরবর্তী ফ্লাইট দুপুর ১২টায়। তবে সেই ফ্লাইটে তাদের উঠতে দেওয়া হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয় বলে জানান শিল্পী।
বিদেশের মাটিতে এমন অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন চক্রবর্তী। তার অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আমেরিকান এয়ারলাইনসের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।




