পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে থাকার কারণে মন খারাপ হতে পারে। বিশেষ করে নতুন দেশে প্রথম কয়েক সপ্তাহ বা মাসে পরিচিত পরিবেশের অভাব বেশি অনুভূত হতে পারে। এ সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে শুধু দেশের মানুষের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ না রেখে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন।
বিশ্ববিদ্যালয়ের ক্লাব, সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলা কিংবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে নিজের আগ্রহের কাজ চালিয়ে যান। দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা, অতিরিক্ত উদ্বেগ বা একাকিত্ব দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেবা বা শিক্ষার্থী–সহায়তাকেন্দ্রের সাহায্য নিন।
বিদেশে নতুন পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিষয়ে সেবা কনসালটেন্সি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিদেশে গিয়ে শিক্ষার্থীরা সাধারণত ভাষা, খাবার ও সংস্কৃতির পার্থক্যের মুখোমুখি হন। মানিয়ে নিতে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, খাবার ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়া জরুরি।’
মোহাম্মদ রাসেল মিয়া আরও বলেন, ‘একাকিত্ব কাটাতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়া উচিত। পাশাপাশি সবার সঙ্গে ভালো আচরণ ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন।’
