
ঢাকা,১১ অক্টোবর-ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনায় দেশের সব ব্যাংকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে একটি সার্কুলার লেটার পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননক্ষেত্র দ্রুত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন করতে হবে। পাশাপাশি প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনা এবং এর আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এ ছাড়া এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে পরিত্যক্ত ফুলের টব, কৌটা, টায়ার, প্লাস্টিকের বোতল এবং পানি জমতে পারে, এমন অন্যান্য পাত্র সরিয়ে ফেলতে হবে। ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘরও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এস এম/ ১১ অক্টোবর ২০২৬


