
তরুণ ও কিশোরদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী সমাজ নির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রশ্ন করার চর্চা থেকেই নতুন ধারণা ও চিন্তার বিকাশ ঘটে। এসব চিন্তা দেশের সংকট চিহ্নিত করা এবং জাতীয় পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতে পারে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রশ্ন করার চর্চাই জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি। তরুণদের প্রশ্ন করার অবাধ সুযোগ দেওয়া হলে তাদের মধ্যে নতুন নতুন ধারণা ও চিন্তার বিকাশ ঘটবে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা তরুণদের এসব ধারণা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডিতে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেশ, সমাজ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করতে হবে। এর মাধ্যমে তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা ও স্বায়ত্তশাসনের পরিবেশ সংকুচিত হয়েছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতেও জেআরএফ তাদের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি বলেন, অতীতে কঠোর বিধিনিষেধ ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও সংগঠনটি ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে। পাশাপাশি কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

