মেয়েদের এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে গত বছর পুরুষদের এশিয়া কাপের পর এবার নারীদের পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল একই দৃশ্য। স্বাভাবিকভাবেই মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। কিন্তু ছেলেদের মত মেয়েরাও ট্রফি নেয়নি তার হাত থেকে।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার প্রায় ৫০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকভি। প্রথমে রানার্সআপ শ্রীলঙ্কার হাতে প্রাইজমানি তুলে দেন তিনি। এরপর হঠাৎ করেই শেষ হয়ে যায় অনুষ্ঠান। ভারতের খেলোয়াড়েরা কোনো পদকও পাননি। হাতে ওঠেনি চ্যাম্পিয়ন ট্রফিও।
পরে জানা যায়, বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে চেয়েছিলেন নাকভি। কিন্তু ভারতীয় দল তাতে রাজি হয়নি। ভারতীয় দলের পক্ষ থেকে এসিসির সহসভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে রাজি হননি নাকভি।
পুরস্কার বিতরণী মঞ্চে নাকভির সঙ্গে ছিলেন আল জারুনি, শ্রীলঙ্কা ক্রিকেট ট্রান্সফরমেশন কমিটির প্রধান ইরান বিক্রমারত্নে, আমিরাত ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জেনারেল এবং টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের একজন নারী প্রতিনিধি।
এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লা মাঠে থাকলেও মঞ্চে ওঠেননি। তারা ছিলেন ভারতীয় দলের সঙ্গেই। চ্যাম্পিয়ন অধিনায়ক হারমানপ্রীত কৌরও পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের সঙ্গে কথা বলেননি। এর আগে সম্প্রচার চ্যানেলের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ছেলেদের এশিয়া কাপ জিতেছিল ভারত। সেবারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি প্রধান হিসেবে ট্রফি দিতে মঞ্চে উঠেছিলেন নাকভি। কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি নিতে মঞ্চে যায়নি। পরে কল্পিত ট্রফি হাতে নিয়ে উদ্যাপন করেছিলেন ভারতের খেলোয়াড়েরা।
ট্রফি না নিলেও নিজেদের মতো করে উদ্যাপন করেছে ভারতীয় দল। পরে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ ফটোসেশনও করেন। ভারতের নারী দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ অবশ্য নিজেদের মতো করে একটি পদক বিতরণ করেন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার নন্দনী শর্মার হাতে সেই পদক তুলে দেন বিসিসিআই সচিব সাইকিয়া।
পুরস্কার বিতরণী নিয়ে ম্যাচ শেষে ভারতের কোচ অমল মুজুমদারকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘এ অবস্থান বিসিসিআই নিয়েছে আর আমরা সেটির পক্ষেই আছি। আমাদের জন্য টুর্নামেন্ট শেষ। আমরা চ্যাম্পিয়ন, সেটাই যথেষ্ট। বড় পর্দায়ও দেখানো হয়েছে, ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমাদের জন্য টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবেই শেষ।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…