মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার বৃষ্টির পানিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি বা বিআরআইএনের গবেষকেরা। বৃষ্টির পানি পরীক্ষা করে গবেষকেরা জানিয়েছেন, জাকার্তার বৃষ্টির পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা বৃষ্টির পানির প্রতি বর্গমিটারে প্রায় পনেরোটি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
বিআরআইএনের গবেষক মোহাম্মদ রেজা কর্ডোভা জানান, ১০০ বর্গমিটার আয়তনের একটি বাড়ির ওপর বৃষ্টির সময় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ মাইক্রোপ্লাস্টিক পড়তে পারে। বৃষ্টির ফোঁটাগুলো বাতাসে ভেসে থাকা মাইক্রোপ্লাস্টিকগুলোকে নিচে নামিয়ে আনে। বৃষ্টির পরিমাণ যত বেশি হয় বাতাস থেকে তত বেশি প্লাস্টিক কণা ঝড়ে পড়ে পৃথিবীতে।