
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বোলিং তাণ্ডব দেখালেন মেহেদী হাসান মিরাজ। তার দুর্দান্ত আক্রমণে সল্প রানের পুঁজি গড়ে ত্রিনবাগো নাইট রাইডার্স। ব্যাটে নেমে বেশ সহজে রানতাড়া করে ম্যাচ জিতেছে গায়ানা। আলো ছড়িয়ে বোলিংয়ে মিরাজ তুলে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও গেছে বাংলাদেশের সাবেক অধিনায়কের ঝুলিতে।
শনিবার ভোরে ঘরের মাঠে টসে জিতে ত্রিনবাগোকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গায়ানা অধিনায়ক ইমরান তাহির। মিরাজকে সাথে নিয়ে দায়িত্ব তুলে নেন সফরকারীদের অল্প রানে আটকাতে। যেমন চিন্তা তেমন কাজ, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রতিপক্ষ তোলে কেবল ১২৬ রান।
ত্রিনবাগোর রানে বাধা হয়ে দাঁড়ায় মিরাজ একাই। ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচে তুলে নেন মূল্যবান ৪ উইকেট। যাদের মধ্যে ছিলেন ওপেনার কলিন মুনরো, অধিনায়ক নিকোলাস পুরান এবং অভিজ্ঞ দুই মিডেল অর্ডার ব্যাটার জাইড গুলি ও সুনীল নারিন।
ব্যাটে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গায়ানা। ৬ উইকেটে জেতা ম্যাচে অবশ্য ১৪ বল খেলে ২ রান করেছেন মিরাজ।
ম্যাচেসেরার পুরস্কার হাতে মিরাজ বলেছেন, ‘আমার জন্য এটা দারুণ একটা মুহূর্ত। সিপিএলে এটিই আমার প্রথমবার খেলা এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া, সবমিলিয়ে দিনটি উপভোগ করেছি। কেবল সঠিক জায়গায় বল করার এবং উইকেট তুলে নেয়ার চেষ্টা করেছি। জানতাম পিচে বল কিছুটা ঘুরছে এবং স্পিনারদের সহায়তা করছে। স্টাম্প লক্ষ্য করে বল করার দিকে মনোযোগ দিয়েছিলাম, তাতেই সুযোগ চলে আসে।’
‘বার্বাডোজের বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হবে, তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। প্লে-অফের কথা যদি বলি, যদি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি, নিশ্চিতভাবেই ফাইনালে উঠতে পারব। আশা করি, পরের ম্যাচেও আমরা জয় পাব।’
ভারতের বিপক্ষে সিরিজের কারণে গায়ানা ছেড়ে দেশের হয়ে খেলতে গেছেন আফগানিস্তান তারকা মোহাম্মদ নবী। তার বদলি হয়ে সিপিএল মাতাতে গেছেন মিরাজ।
ম্যাচ শেষে গায়ানা অধিনায়ক তাহিরকে জিজ্ঞেস করা হয় নবীকে মিস করছেন কিনা। সাউথ আফ্রিকান সাবেক মিরাজকেই প্রাধান্য দিয়েছেন, ‘না, তবে কিছুটা মিস নবীকে করি। দলের জন্য তিনি বড় ভূমিকা রেখেছিলেন। তবে মেহেদী, সত্যিই খুব ভালো খেলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স আমরা খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আন্তর্জাতিক অঙ্গনেও সে দীর্ঘদিন ধরে ভালো খেলছে। দলে এসে যেভাবে বল করেছে, আমি তার জন্য সত্যিই খুব খুশি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ উইকেটগুলো তাকে তুলে নিতে দেখাটা ছিল দারুণ ব্যাপার।’
৯ ম্যাচে ৮ জয় নিয়ে টেবিলে শীর্ষে গায়ানা। সোমবার বাংলাদেশ সময় ভোরে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে নামবেন মিরাজ-তাহিররা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…