
ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সিলেট নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার আওতায় থাকা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকা।
তবে কাজের অগ্রগতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিউবো।
অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন এলাকায় শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকসেবার মান উন্নত করা, ১১ কেভি ফিডার ছোট করা এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা নির্ধারিত এলাকায় লাইন আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণকাজ চলবে।
জরুরি এসব কাজের কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…