
ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সঙ্গে চলমান সংঘাত কবে নাগাদ শেষ হবে এবং মার্কিন বাজারে তেলের দাম কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক দীর্ঘ বক্তব্যে তিনি এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ভার ইরানের ওপর চাপিয়ে দেন।
ভ্যান্স দাবি করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলা যায় না, কারণ বড় আকারের সামরিক অভিযানগুলো আগেই বন্ধ হয়ে গেছে। উপকূলীয় এলাকা ও হরমুজ প্রণালিতে কয়েক দিন ধরে পাল্টাপাল্টি গোলাগুলি চললেও ভ্যান্স একে সক্রিয় যুদ্ধ হিসেবে মানতে নারাজ। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রশাসন এই সংঘাতকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রমাণের চেষ্টা করছে।
যদিও পেন্টাগনের তথ্যমতে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১৯০ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি বিশাল অভিযানে মার্কিন বাহিনী ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, ধ্বংসপ্রাপ্ত সামরিক সক্ষমতা ইরান খুব দ্রুত পুনর্গঠন করায় সেখানে ক্রমাগত হামলা চালানো ছাড়া কোনো বিকল্প নেই। তবে কড়া নিরাপত্তার মাঝেও বিশ্বখ্যাত জাহাজ কোম্পানিগুলো এই রুট ব্যবহারে গভীর আতঙ্ক বোধ করছে। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, যা রিপাবলিকান নেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে, নির্বাচনের আগে যুদ্ধ বন্ধের জন্য তিনি কোনো বাড়তি রাজনৈতিক চাপ অনুভব করছেন না। আগে এই যুদ্ধের বিরোধিতা করলেও জেডি ভ্যান্স পরে এক কূটনৈতিক সমঝোতায় নেতৃত্ব দিয়েছিলেন, যা স্থায়ী হয়েছিল মাত্র দুই সপ্তাহ। সম্প্রতি হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগ তুলে মার্কিন বিমান হামলা পুনরায় শুরু হয়।
এই হামলায় চারজন বেসামরিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেলেও ভ্যান্স জানান যে বিষয়টি তদন্তাধীন। তিনি স্পষ্ট করেন যে, তেহরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনার পথ খোলা নেই। সংবাদ সম্মেলনে ভ্যান্স তার ব্যক্তিগত স্বাস্থ্য ও ওজন হ্রাসের বিষয়েও কথা বলেন।
তিনি জানান, রবার্ট এফ কেনেডি জুনিয়রের দেওয়া ডায়েট চার্ট অনুসরণ করে তার এই পরিবর্তন। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিতর্কিত কর্মকাণ্ড ও পদত্যাগের বিষয়ে নিজের সহকর্মীর পক্ষ নিয়ে সাফাই গান তিনি। ভ্যান্সের মতে, মার্কিন সামরিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যেই হেগসেথ কাজ করে যাচ্ছেন।
এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬
