
ছবি: সংগৃহীত
ব্যবসার প্রথম উদ্যোগ ব্যর্থ হয়েছিল। কিন্তু তাতে থেমে যাননি ভারতের ভোপালের বাসিন্দা অভিষেক সাহু। মাত্র ৩০ হাজার রুপি ঋণ নিয়ে স্যান্ডউইচের ছোট একটি ঠেলা দিয়ে নতুন করে শুরু করেন তিনি। সেই ব্যবসাই এখন বড় আকার নিয়েছে। বর্তমানে তার ‘হরি হর স্যান্ডউইচ’ মাসে প্রায় ২৫ লাখ রুপির লেনদেন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুধবার ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, প্রায় ১৫ বছর আগে ভোপালে গিয়ে একটি ইন্টারনেট ক্যাফে চালু করেছিলেন সাহু। কিন্তু এক বছরের মধ্যেই সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর নতুন করে কী করা যায় তা নিয়ে ভাবতে থাকেন তিনি।
পরে ৩০ হাজার রুপি ঋণ নিয়ে খাবারের ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন সাহু। ইউটিউব দেখে স্যান্ডউইচ তৈরির বিভিন্ন রেসিপি শেখেন। এরপর ছোট একটি ঠেলায় স্যান্ডউইচ বিক্রি শুরু করেন।
শুরুটা ছোট হলেও ধীরে ধীরে ক্রেতা বাড়তে থাকে। বর্তমানে কর্মদিবসে প্রতিদিন ৬০০টির বেশি স্যান্ডউইচ বিক্রি হয় তার দোকানে। ছুটির দিনে এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। সব মিলিয়ে মাসে প্রায় ২৫ লাখ রুপির লেনদেন হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি প্রথাম নামে এক এক্স ব্যবহারকারী অভিষেক সাহুর এই যাত্রার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। পোস্টে তিনি প্রথম ব্যবসার ব্যর্থতা থেকে ২৫ লাখ রুপির মাসিক লেনদেনের ব্যবসায় পৌঁছানোর বিষয়টি তুলে ধরেন।
পোস্টটি ঘিরে অনেকেই সাহুর উদ্যোগ ও ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন। তাদের মতে, এই গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় শুধু ২৫ লাখ রুপির মাসিক লেনদেন নয়। বরং প্রথম ব্যবসা ব্যর্থ হওয়ার পর মাত্র ৩০ হাজার রুপি দিয়ে আবার শুরু করার মানসিকতাই সাহুর সাফল্যের বড় দৃষ্টান্ত।
একজন মন্তব্য করেন, ছোট পরিসরে শুরু করে ক্রেতাদের চাহিদা বোঝা এবং ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াই শেষ পর্যন্ত বড় সাফল্য এনে দিতে পারে।
আরেকজন লেখেন, ব্যর্থ ইন্টারনেট ক্যাফে থেকে মাসে ২৫ লাখ রুপির ব্যবসা, দারুণ ঘুরে দাঁড়ানো।
অভিষেক সাহুর গল্প তাই দেখাচ্ছে, ব্যবসায় প্রথম ব্যর্থতা মানেই শেষ নয়। সীমিত পুঁজি দিয়ে ছোট করে শুরু করে অভিজ্ঞতা কাজে লাগানো এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগিয়ে যাওয়াও বড় সাফল্যের পথ তৈরি করতে পারে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…