নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন | চ্যানেল আই অনলাইন

নেপালে বন্যাকবলিত এলাকায় স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান চালাতে ২ হাজার সেনা মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী। ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এসব সেনাসদস্যকে মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজরাম বাসনেট বিবিসি নেপালিকে জানান, রাসুয়া ও নুয়াকোট জেলাসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। তাদের মধ্যে ত্রিশূলী-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকে পড়া তিন কর্মীও রয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রমে নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্গম ও বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থল ও আকাশপথে অভিযান চালিয়ে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।

Scroll to Top