মহানবীর আদর্শ অনুসরণে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর – DesheBideshe



ঢাকা, ২৫ আগস্ট – মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি মানুষকে তাওহিদের পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন ছিল মহানবীর জীবন। সত্যবাদিতা, আমানতদারী ও ন্যায়বিচারের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা চিরকাল অনুসরণীয়। বর্তমান বিশ্বের সংঘাত ও বৈষম্যময় পরিস্থিতিতে মহানবীর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া দেশের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে থেকে নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বোধ শক্তিশালী করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top