
ঢাকা, ২৫ আগস্ট – চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৩৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে ২৫.৭ শতাংশ। ২০২৫ সালের আগস্টের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ ডলার।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং হুন্ডি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি আরোপের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমান্বয়ে বাড়ছে।
এনএন/ ২৫ আগস্ট ২০২৬


