‘আওয়ারাপন ২’ দিয়ে বক্স অফিস মাত করে চলেছেন ইমরান হাশমি। তার এই দাপুটে প্রত্যাবর্তনের মধ্যেই ভক্তদের জন্য এলো আরেকটি সুসংবাদ! কেননা, মঙ্গলবার (২৫ আগস্ট) আসতে চলেছে এই তারকার নতুন সিনেমার টিজার!
বহুল প্রতীক্ষিত অ্যাকশন-রোমান্স সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রচারণা শুরু হচ্ছে মঙ্গলবার (২৫ আগস্ট)। এদিন মুক্তি পাবে সিনেমাটির প্রথম টিজার। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পাশাপাশি প্রেক্ষাগৃহেও দর্শকদের সামনে তুলে ধরা হবে টিজারটি।
আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটির টিজার প্রদর্শন করা হবে সেইসব প্রেক্ষাগৃহে, যেখান মঙ্গলবার থেকে চলবে যশ অভিনীত ‘টক্সিক’! তবে ‘গানমাস্টার জি৯’-এর টিজারটি ‘টক্সিক’-এর প্রিন্টের সঙ্গে সংযুক্ত থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং সিনেমা প্রদর্শনের সময় আলাদাভাবে টিজারটি দেখানো হবে।
এর ফলে মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে টিজার প্রকাশের পরপরই দর্শকেরা বড় পর্দায়ও ‘গানমাস্টার জি৯’-এর প্রথম ঝলক দেখার সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, ‘টক্সিক’ দেখতে প্রেক্ষাগৃহে আসা দর্শকদের মাধ্যমে সিনেমাটির প্রচারণায় বাড়তি মাত্রা যোগ হবে।
সম্প্রতি ‘আওয়ারাপন ২’ মুক্তির পর ইমরান হাশমিকে ঘিরে দর্শকদের আগ্রহ নতুন করে বেড়েছে। সেই ধারাবাহিকতায় ‘গানমাস্টার জি৯’ হতে যাচ্ছে তার পরবর্তী বড় পর্দার সিনেমা। ফলে টিজার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণার শুরুটিও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা ও অপরশক্তি খুরানা। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। প্রযোজনায় রয়েছেন দীপক মুকুট, হুনার মুকুট ও সংগীতা আহির।
সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের উপস্থাপনায় নির্মিত সিনেমাটি এসআরই স্টুডিও এলএলপির প্রযোজনা।
অ্যাকশন-রোমান্স ঘরানার ‘গানমাস্টার জি৯’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। মুক্তির প্রায় তিন মাস আগে টিজার প্রকাশের মাধ্যমে শুরু হচ্ছে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।
ডিজিটাল ও প্রেক্ষাগৃহ- দুই মাধ্যমেই একসঙ্গে দর্শকদের কাছে পৌঁছানোর এই কৌশল সিনেমাটির প্রচারণায় বাড়তি গতি আনবে বলেই মনে করছেন নির্মাতারা। বলিউড হাঙ্গামা


