কনকা টিভি পেলেন মেগা বিজয়ী তিনজন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো ডটকম আয়োজিত ‘কনকা প্রেডিক্ট টু উইন’ প্রতিযোগিতার তিনজন মেগা বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ সোমবার আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মেগা বিজয়ী তিনজন হলেন ঢাকার নামিরা জাহান ও মো. ফাহাদ রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ হক সরকার। তাঁদের উপস্থিতিতেই দৈবচয়নের মাধ্যমে প্রথম পুরস্কার ৫৫ ইঞ্চি কনকা টিভি জেতেন সোহাগ। দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি কনকা টিভি এবং তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি কনকা টিভি পান যথাক্রমে ফাহাদ ও নামিরা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও নুরুল আজিম সানি, মহাব্যবস্থাপক মাহমুদুন্নবী চৌধুরী ও সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন।

বিশ্বকাপ ফুটবল নিয়ে নানা আয়োজনের কথা তুলে ধরে আনিসুল হক বলেন, ‘ইলেক্ট্রো মার্ট দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। এ ধরনের দেশীয় প্রতিষ্ঠান এগিয়ে গেলে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়। প্রথম আলো ডটকম আয়োজিত “কনকা প্রেডিক্ট টু উইন” ক্যাম্পেইনে তাদের যুক্ততা আয়োজনটিতে আরও সমৃদ্ধ করেছে। ইলেক্ট্রো মার্টকে ধন্যবাদ এবং বিজয়ীদের অভিনন্দন।’

ইলেক্ট্রো মার্টের পথচলায় প্রথম আলোর অবদানের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ বলেন, ‘প্রথম আলোর সঙ্গে আমাদের ব্র্যান্ডের বন্ধুত্ব বেশ পুরোনো। ইলেক্ট্রো মার্ট সব সময় চায় সারা দেশের মানুষের কাছে নিজেদের পণ্য ও সেবা পৌঁছে দিতে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এ আয়োজনের পরিসংখ্যান প্রমাণ করেছে, প্রথম আলোর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পেরেছি। যাঁরা অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, সবাইকে অভিনন্দন।’

ইলেক্ট্রো মার্টের পরিচালক নুরুল আজিম সানি বলেন, ‘এই আয়োজনটি সফল হয়েছে সারা দেশের অংশগ্রহণকারী এবং প্রথম আলোর জন্য। প্রায় দুই লাখ মানুষ এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে—এটাই আমাদের বড় প্রাপ্তি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা প্রথম আলোর সঙ্গে এমন আয়োজন করব।’

আয়োজনটির অভিজ্ঞতা সম্পর্কে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘শুধু বিশ্বকাপের সময়টাই নয়, সারা বছরই প্রথম আলোর বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত থাকে ইলেক্ট্রো মার্ট। এটি আমাদের জন্য আনন্দের। প্রত্যাশা করি, ভবিষ্যতে কনকা ও প্রথম আলো ভোক্তা–পাঠক–দর্শকদের জন্য নতুন নতুন আয়োজন উপহার দেবে।’

মেগা বিজয়ী মো. ফাহাদ রহমান বলেন, ‘বিশ্বকাপসহ নানা ধরনের কুইজ ও প্রেডিকশন ক্যাম্পেইনে আমি সব সময় অংশগ্রহণ করি। এবারই প্রথম পুরস্কার পেয়েছি। কনকা ও প্রথম আলোকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য।’

দৈবচয়নের মাধ্যমে প্রথম পুরস্কার ৫৫ ইঞ্চি কনকা টিভি জেতেন সোহাগ হক সরকার, তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাফি হাসান (মধ্যে)। দ্বিতীয় পুরস্কার জেতেন মো. ফাহাদ রহমান (বাঁয়ে)। তৃতীয় পুরস্কার পান নামিরা জাহান, তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন আজহার মাহমুদ (ডানে)। ঢাকা, ২৪ আগস্ট ২০২৬

বিশ্বকাপ চলাকালে অনুষ্ঠিত ‘কনকা প্রেডিক্ট টু উইন’ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে মোট ২৮ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। তাঁরা হলেন ঢাকার তামান্না আক্তার, আদিবা তাহমিন, নামিরা জাহান, রাহিমা আক্তার, সোহানুর রহমান শাওন, মো. জাহিদ হোসেন, নুজহাত নুসাইবা, সাকিবুল হোসেন, মো. ফাহাদ রহমান ও মো. আব্দুর রউফ সরকার; চট্টগ্রামের আবদুল জব্বার, মো. নসিবুল আলম, সাখাওয়াত হোছাইন, নাজাতুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন; নারায়ণগঞ্জের ইয়ানাত সাগর ও আবদুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জের আব্দুল ওয়াদুদ ও মো. নাইম ইসলাম, কক্সবাজারের মশিউর রহমান মুরাদ, গাজীপুরের পীযূষ সাহা, নরসিংদীর আবদুল্লাহ খান, সাতক্ষীরার তানভীর আহমেদ, রংপুরের মো. রোকনুজ্জামান, সিলেটের মারুফ উদ্দিন, খুলনার মো. নজরুল ইসলাম, পাবনার মাহফুজুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ হক সরকার। পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেকের ঠিকানায় পাঠানো হয় একটি করে ‘কনকা পোর্টেবল জুসার’।

প্রথম আলোর ফেসবুক পেজে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ১ লাখ ৯৮ হাজার ৪৫০ জন। ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইনটির রিচ ১ কোটি ৫১ লাখ ২৮ হাজার ২৩৭।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের উপব্যবস্থাপক বিবর্ধন রায় ইমন, সহকারী ব্যবস্থাপক ও বি এম আলমগীর কবির, জ্যেষ্ঠ নির্বাহী রুম্মান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।

Scroll to Top