
ঢাকা, ২২ আগস্ট – চাঁদাবাজদের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। সম্প্রতি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত হন এই চিকিৎসক।
হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন যে অপরাধীদের নির্মূলে পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অপরাধীদের তালিকা তৈরির কাজ চলছে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তাদেরও তালিকাভুক্ত করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।
এনএন/ ২২ আগস্ট ২০২৬


