সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ফুটবল দল সবশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ভেতরে আরও সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। আবারও ঘরের মাঠে বসতে যাচ্ছে সাউথ এশিয়ার চ্যাম্পিয়নশিপের আসর। এ আসরের জন্য খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। 

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সাথে ডুলি বলেন, ‘সাফ টুর্নামেন্ট, এটা তো সবারই স্বপ্ন থাকে! প্রতিটি খেলোয়াড়, কোচ এবং ভক্তদের জন্য। ২৩ বছর পর আপনি নিজের মাঠে এমন একটা টুর্নামেন্ট পাচ্ছেন, কে সেই ম্যাচ খেলতে চাইবে না বা এর সাথে যুক্ত থাকতে চাইবে না? আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং এই টুর্নামেন্টের জন্য সাধ্যমতো সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। আমি খেলোয়াড়দের সাথে কথা বলেছি, সবাই এটা নিয়ে রোমাঞ্চিত।’

সাফ এবং অন্যান্য আসরের জন্য দলের প্রস্তুতি নিয়ে কোচ আরও বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন, লিগের কারণে এটি এখনও ঝুলে আছে। লিগ শুরু হলে আমরা খেলোয়াড়দের পাবো না, লিগ শুরু না হলে পাবো। আমার ব্যক্তিগত চাওয়া হলো যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়দের পাওয়া।’

‘সাধারণত জাতীয় দলের ফিফা ডে’র আগে আপনি খেলোয়াড়দের পাবেন না। ভাগ্য ভালো যে বাংলাদেশ ফেডারেশন এবং লিগ কর্তৃপক্ষ স্থানীয় খেলোয়াড়দের একটু বেশি প্রস্তুতি নেয়ার সুযোগ দিচ্ছে। আমি এটাই করার চেষ্টা করছি। যখনই তারা বলবে, ঠিক আছে, এখন আপনারা শুরু করতে পারেন, আমরা সব খেলোয়াড়দের ডেকে পাঠাব এবং টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করব।’

আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়ামে বসতে যাচ্ছে সাফ ফুটলব চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অন্যান্য প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা ও ভুটান। ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও এ গ্রুপে যোগ দেবে।

Scroll to Top