
ঢাকা, ১৯ আগস্ট – সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তৌফিক নেওয়াজের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানাজা এবং দাফন সম্পর্কে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
এদিকে ড. দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই আবেদন জানানো হবে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬


