ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী – DesheBideshe



ঢাকা, ১৭ আগস্ট – দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ফিফার সকল নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। আজ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টাল থেকে আবাহনীর নাম সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ক্লাবটির ওপর আরোপিত খেলোয়াড় নিবন্ধনের সকল বিধিনিষেধের অবসান ঘটল।

বিদেশি ফুটবলারদের চুক্তিকৃত পাওনা পরিশোধ না করায় গত মৌসুমের শুরুতে আবাহনীর ওপর তিনটি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এর ফলে গত লিগের মধ্যবর্তী দলবদলে কোনো নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারেনি ক্লাবটি। তবে বর্তমান মৌসুমের শুরুতেই দুটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

সবশেষ সিরিয়ার এক ফুটবলারের পাওনা পরিশোধ নিয়ে আইনি জটিলতা থাকলেও সেটি নিরসন করা হয়েছে।

এক সপ্তাহ আগে অর্থ প্রেরণ এবং সংশ্লিষ্ট খেলোয়াড় আপত্তি না জানানোয় আবাহনী এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। আজ ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা শেষ হওয়ার আগেই ফিফার এই ইতিবাচক সিদ্ধান্ত আসায় আবাহনীর জন্য স্বস্তি ফিরেছে।

আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া খেলোয়াড় নিবন্ধনে এখন আর কোনো বাধা থাকছে না। যদিও আবাহনী কর্তৃপক্ষ নিবন্ধনের সময় বৃদ্ধির জন্য বাফুফের কাছে অনুরোধ জানিয়েছে।

এর আগে নিষেধাজ্ঞার কারণে দল গঠনে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যার ফলে ক্লাবের বেশ কিছু খেলোয়াড় মোহামেডান ও কিংসের মতো ক্লাবগুলোর সাথে যোগাযোগ শুরু করেছিলেন।

এদিকে ফিফার পোর্টালে বর্তমানে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর ওপর আরও ১৫টি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এর মধ্যে বসুন্ধরা কিংসের ১০টি, ফকিরেরপুল ইয়ংমেন্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুটি করে এবং সকার ক্লাব ফেনীর একটি নিষেধাজ্ঞা রয়েছে। বসুন্ধরা কিংস তাদের এই সমস্যা সমাধানের জন্য বাফুফে সভাপতির কাছে সাত দিন সময় প্রার্থনা করেছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top