
ঢাকা, ১৪ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পার হলেও সংস্কার বা জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে পারেনি।
শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে মানুষের পেটে ভাত থাকবে এবং সব সংকট মিটে যাবে এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সমাবেশে আসিফ মাহমুদ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তিনি উল্লেখ করেন যে, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর চাঁদাবাজির বিস্তর অভিযোগ গণমাধ্যমে আসছে। নির্বাচনের আগে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না করে একদলীয় আধিপত্য ও দখলের রাজনীতি চলছে বলে তিনি দাবি করেন।
রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রেখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, তা এক ধরনের আইওয়াশ ছাড়া আর কিছু নয়। এছাড়া সংস্কার ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করলে তা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে না।
বিএনপি বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে নিজেদের প্রশাসক নিয়োগ দিয়ে সরকারি টাকায় দলীয় প্রচারণা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এনসিপি চায় তিনি দেশে ফিরুন। তবে তা হতে হবে আইন অনুযায়ী এবং দেশে ফেরার পর তার সঠিক বিচার নিশ্চিত করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন এবং চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
এনএন/ ১৪ আগস্ট ২০২৬


