সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের ঘটনা দেখতে পেয়ে শ্রমিকরা এগিয়ে যায়। তাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে পাঠানো হয় হাসপাতালে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুপুর সোয়া ১২টায় জানান, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ড থেকে ৬ জনকে আনা হলে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। সকালে এ ঘটনা ঘটে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন বলেন, আমরা শিপ ইয়ার্ডের ভেতরে। উদ্ধার কাজ চলছে। এখনই বিস্তারিত জানাতে পারছি না।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা সেখানে যাচ্ছি।

Scroll to Top