রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উল্লাসে ছড়িয়ে পরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। বিএনপির নেতাকর্মীসহ উচ্ছ্বসিত রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণ একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, সততা ও অভিজ্ঞতার স্বাক্ষর রাখা মির্জা ফখরুলকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে মনোনয়ন দেওয়ায় সর্বস্তরে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় নেতাকর্মীদের মতে, মির্জা ফখরুলের মতো একজন সৎ ও প্রবীণ রাজনীতিক রাষ্ট্রপতির দায়িত্ব পেলে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও এক ধাপ বাস্তব রূপ নেবে।
এ সময় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে যোগ্য সম্মান দিয়ে তারেক রহমান এক অনন্য দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো অভিজ্ঞ একজন মানুষ রাষ্ট্রপতির আসনে আসীন হলে দেশের গণতান্ত্রিক চর্চা ও সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
ঠাকুরগাঁওয়ের প্রতিটি অলিগলিতে এখন কেবলই উদযাপনের আবহ। নিজের জেলার সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখার এই প্রতীক্ষা ও উচ্ছ্বাস গোটা ঠাকুরগাঁওবাসীকে একসূত্রে গেঁথেছে।

