‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’ | চ্যানেল আই অনলাইন

দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না বলে মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেন, দেশে খুন-খারাবি লেগেই আছে। জনগণ এমন পরিস্থিতি প্রত্যাশা করেনি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না।

সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের ব্যাংকিং খাতে কোনো শৃঙ্খলা নেই। শেয়ারবাজারও মাটিতে পড়ে আছে, সেখান থেকে উঠে দাঁড়াতে পারছে না।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিরোধীদলীয় এই নেতা বলেন, সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখতে পারছেন না। দেশে অলিখিত সেন্সরশিপ আরোপ করা হয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ খাত বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এসব সেবা বেসরকারি খাতে দেওয়া হলে যারা দায়িত্ব নেবে, তারা জনগণকে আরও বেশি জিম্মি করার সুযোগ পাবে।

সরকার নিজেদের দায় জনগণের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির বলেন, এসব বিষয়ে তারা শঙ্কিত। বিরোধী দল হিসেবে এসব মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ করা হবে এবং সামর্থ্য থাকলে প্রতিরোধও গড়ে তোলা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

Scroll to Top