
ছবি: সংগৃহীত
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার বিনিময়ে অর্থ চাওয়া, দামি উপহার গ্রহণ ও সরকারি বৈঠকে লবিস্টকে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে হোয়াইট হাউস। তবে গিলফয়েল তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া তার প্রথম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গিলফয়েল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিলেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গিলফয়েলের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাওয়া গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনগুলো রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে এ বিষয়ে গিলফয়েলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিলফয়েল বলেন, তার দায়িত্ব পালনের সময় শেষ হয়ে আসতে পারে। তবে অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে নিজের সুনাম ও সততা রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
সাবেক ট্রাম্প-সমর্থক ও রাজনৈতিক অনুদানকারী এরিক ডিটার্সের অভিযোগ, সিনেটে গিলফয়েলের নিয়োগ নিশ্চিত হওয়ার কয়েক দিন আগে তিনি আমেরিকান এক্সপ্রেসের এক লাখ ডলারের বিল পরিশোধের জন্য অর্থ চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। বিনিময়ে ট্রাম্প প্রশাসনে তার বিশ্বস্ত সহযোগী হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি ডিটার্সের। তবে তিনি অর্থ দেননি।
ডিটার্স সিএনএনকে বলেন, এ ক্ষেত্রে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার বিষয়টি স্পষ্ট ছিল। তবে গিলফয়েলের আইনজীবীরা অভিযোগটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তাদের দাবি, ডিটার্সের জন্য বক্তৃতা তৈরি ও পরামর্শক হিসেবে কাজ করার পারিশ্রমিক বাবদ গিলফয়েলের অর্থ পাওনা ছিল।
গিলফয়েলের ভ্রমণ ও উপহার গ্রহণ নিয়েও প্রকাশিত প্রতিবেদনগুলোকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তাদের ভাষ্য, তিনি সরকারি উপহার গ্রহণ ও তথ্য প্রকাশসংক্রান্ত নিয়ম মেনে চলেছেন।
ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে গিলফয়েলের বাগদান হয়েছিল। পরে তাদের সম্পর্কের অবসান ঘটে। ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন তিনি। মঙ্গলবার ট্রাম্প বলেন, গিলফয়েল তার পরিবারের সদস্য ছিলেন না; তিনি অনেক আগেই তার ছেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

