রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক | চ্যানেল আই অনলাইন

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক | চ্যানেল আই অনলাইন

ইটালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে সপ্তম দফার বৈঠক শুরু বুধবার (৫ অগাস্ট)। উভয় দেশের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সেনা মোতায়েনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই আলোচনা চলছে বলে জানিয়েছেন লেবাননের সংবাদমাধ্যম ল’ওরিয়ঁ টুডে

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, বৈঠকটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আলোচনার মাধ্যমে সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

দুই পক্ষের আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে দক্ষিণ লেবাননে নতুন একটি ‘পাইলট জোন’ প্রতিষ্ঠা, ওই এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

এছাড়া সীমান্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে বৈঠকে এখন পর্যন্ত কী ধরনের অগ্রগতি হয়েছে বা কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক মধ্যস্থতার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ হবে।

Scroll to Top