আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের অবিচ্ছিন্ন ১৬৬ রানের জুটিতে পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিনের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। ২ উইকেটে ২৬৬ রান তোলা সফরকারীরা তৃতীয় দিনে বিধ্বস্ত হয়েছে জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে। ক্যারিবীয় স্পিনারের ৬ উইকেটে দ্রুতই নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে নেমে সাজিদ খান ও আলি উসমানের স্পিনে শতরান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে উইন্ডিজ।
কুইন্স পার্ক ওভালে টসে জিতে আগে ব্যাটে নামে উইন্ডিজ। প্রথম ইনিংসে ১০৫.৪ ওভার ব্যাট করে ৩৪৪ রানে থামে তারা। জবাবে নেমে ১১৫ ওভার ব্যাট করে পাকিস্তানের ইনিংস থামে ৩৮৭ রানে। ৪৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৪০.৫ ওভারে ৬ উইকেটে ১০৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬০ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটে নামবেন ১ রান করা জাস্টিন গ্রিভস। চোট কাটিয়ে উঠতে পারলে তার সঙ্গী হবেন ব্রেন্ডন কিং, না হয় কেমার রোচ।
৬৬ ওভারে ২ উইকেটে ২৬৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ১০৭ রান করা আব্দুল্লাহ ও ৮৬ রানে বাবর আজম শুরু করেন। দিনের নবম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। বাবর আজম রানআউট হন ১৪৭ বলে ৮৮ রানে। বাবরকে আউট করতে গিয়ে চোট পেয়ে তখন মাঠ ছাড়েন ব্রেন্ডন কিং।
বাবর-শফিক জুটি ভাঙার পর দ্রুতই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৩০ রানের ব্যবধানে আরও তিন ব্যাটারকে হারায় তারা। ফিরে যান আওয়াইস জাফর (১), সালমান আগা (০) ও মোহাম্মদ রিজওয়ান (১৮)।
সপ্তম উইকেটে সাজিদ খান ও শফিক মিলে যোগ করেন ৫৯ রান। দলীয় ৩৭০ রানে সাজিদ ফেরেন ৩০ রান করে। এরপর ১১৫তম ওভারে বাকি তিন উইকেট শিকার করেন ওয়ারিকান। ওভারের তৃতীয় বলে আলি উসমান (১০), পঞ্চম বলে উবায়েদ শাহ এবং শেষ বলে মোহাম্মদ আলিকে ফেরান। পাকিস্তানের ইনিংস থামে ৩৮৭ রানে।
এর আগে নেমে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৪ রানে ফিরে যান ওপেনার ইমাম-উল-হক। ৯৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফকারী দল। আজান আওয়াইস ৭১ বলে ৫৫ রানে ফিরে যান।
ক্যারিবীয় বোলারদের মধ্যে জোমেল ওয়ারিকান ৪৬ ওভারে ১১২ রানে ৬ উইকেট নেন।
৪৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ধস দেখে উইন্ডিজও। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। উদ্বোধনীতে তেজনারায়াণ চন্দরপল ও কাভেম হজ ৪০ রান তোলেন। ২৫ বলে ১৭ রানে তেজনারায়ণ ফিরলে জুটি ভাঙে। এরপর দ্রতই ফেরেন আমির জাঙ্গো (১৩), কাভেম হজ (৩৪), শাই হোপ (১৫), জেডিন সিলস (০) ও রোস্টন চেজ (১৭)। ১০৩ রানে ৬ উইকেট হারানোর পর তৃতীয় দিনের খেলা থামে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বোলারদের মধ্যে ১২ ওভারে ৩২ রানে ৪ উইকেট নেন। আলি উসমান নেন ২ উইকেট।
প্রথম ইনিংসে ক্যারিবীয়দের মধ্যে জাস্টিন গ্রিভস ৭৩ রান, ৭০ রান করেন রোস্টন চেজ। ব্রেন্ডন কিং ৪৬ রান এবং শাই হোপ ২৯, আমির জাঙ্গো ২৬ রান করেন।
প্রথম ইনিংসে পাকিস্তান বোলারদের মধ্যে সাজিদ খান ৪ উইকেট নেন। মোহাম্মদ আলি, উবায়েদ শাহ ও আলি উসমান নেন দুটি করে উইকেট।




