সুন্দরগঞ্জে এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ব্যাখ্যা দিল সংগঠনটি – DesheBideshe

সুন্দরগঞ্জে এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ব্যাখ্যা দিল সংগঠনটি – DesheBideshe


সুন্দরগঞ্জে এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ব্যাখ্যা দিল সংগঠনটি – DesheBideshe

গাইবান্ধা, ১ আগস্ট – গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে বিভিন্ন সাংগঠনিক স্লোগানের পাশাপাশি হঠাৎ ‘ধর ধর শিবির ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে এনসিপির নাম ব্যবহার করে আরও কিছু উত্তপ্ত স্লোগান শোনা যায়। এ বিষয়ে এনসিপির সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিছিলে ওই স্লোগান যে দিয়েছে সে সংগঠনের কোনো কর্মী বা নেতা নয়।

অনাকাঙ্ক্ষিতভাবে হ্যান্ডমাইকটি এক ব্যক্তির হাতে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে দাপ্তরিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে।

এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ডমাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে একটি উসকানিমূলক স্লোগান দেন।

বিষয়টি নজরে আসায় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে হ্যান্ডমাইকটি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওই স্লোগান জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত বা আদর্শের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এই অনভিপ্রেত ঘটনার জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top