তাওহিদ হৃদয় যখন ক্রিজে এলেন, ইনিংসের বাকি আর মাত্র ১১ বল। শেষ ওভারের প্রথম বল খেলার সময়ও তাঁর রান ছিল ২ বলে ১। সেই হৃদয়ই ইনিংস শেষে অপরাজিত ৮ বলে ৩১ রানে!
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তাঁর এই ক্যামিওতে ১৮ ওভারে ১৬৪ রান করা জাফনা ২০ ওভারে তুলতে পেরেছে ২০৩ রান। এই রান তাড়া করতে নেমে কলম্বো থেমেছে ১৮৩ রানে।
কলম্বোর বিপক্ষে শেষ ওভারে জাফনা তুলেছে ৩১ রান। এর মধ্যে একাই ৩০ রান করেছেন হৃদয়। শাহনেওয়াজ দাহানির করা এই ওভারের প্রথম তিন বলেই তিনটি ছক্কা মারেন হৃদয়।
বাউন্ডারি মারতে পারেননি শুধু ওভারের চতুর্থ বলে, এই বলে নিয়েছেন ২ রান। ওভারের পঞ্চম বলে ছক্কার পর চার মেরেছেন শেষ বলে। জাফনার ১৯ রানে জয়ের ম্যাচে হৃদয়ের এই ৩৮৭.৫০ স্ট্রাইক রেটের ইনিংসটাই বড় অবদান রেখেছে।


