নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জ, নরসিংদী ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এশিয়ান হাইওয়ে এলাকায় জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা সরকারবিরোধী একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উপস্থিতদের মধ্যে বেশিরভাগই পালিয়ে যান। পরে ১২ জনকে আটক করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নরসিংদী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও বিক্রমপুর এলাকার বাসিন্দারা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করা হয়।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের সন্ধ্যার পর তালতলা তদন্ত কেন্দ্র থেকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।




