
নয়াদিল্লি, ২৭ জুলাই – ভারতজুড়ে কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। তবে সেই প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।
সোমবার ভারতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি সম্মানের খাতিরে তুলে নিয়েছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন আন্দোলনকারীরা।
তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন যে, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার চুক্তি সরকার পুরোপুরি লঙ্ঘন করছে। তিনি জানান, বিহার ও বাংলা থেকে ইতিমধ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দিল্লির স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার খবর পাওয়া যাচ্ছে।
মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন যে, নতুন কোনো মামলা না করার যে চুক্তি হয়েছিল তা রক্ষা করতে হবে। অন্যথায় আবারও রাজপথে নামতে বাধ্য হবে শিক্ষার্থীরা।
এর আগে শনিবারের বৈঠকে কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষার জালিয়াতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারে রাজি হয়েছিল। তবে চুক্তি অনুযায়ী মামলা বাতিলের লিখিত দলিল হস্তান্তরের জন্য সরকারকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে সিজেপি।
এনএন/ ২৭ জুলাই ২০২৬





