তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম দিনের প্রথম শো দেখতে চেন্নাইয়ের রোহিণী প্রেক্ষাগৃহে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
বন্ধুদের সঙ্গে সিনেমাটি উপভোগ করার পর তৃষা আনন্দঘন কিছু মুহূর্তের ছবি তুলেন। তার সফরসঙ্গী প্রিয়া শ্যাম সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করে লেখেন, *“শেষবারের মতো আরও একবার উদযাপনের সুযোগ।”* তিনি আরও জানান, ‘জন নায়গন’ ঘিরে প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। তৃষা ও নিরুপমাকে নিয়ে ভিড়ের মধ্য থেকে নিরাপদে বের হতে পেরে স্বস্তি পেয়েছেন বলেও উল্লেখ করেন।
পরে তৃষা নিজেও পোস্টটি পুনরায় শেয়ার করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা তার প্রাণবন্ত হাসি ও সরল উপস্থিতির প্রশংসায় ভাসান।
সিনেমা দেখতে এসে তৃষার পোশাকও নজর কাড়ে। সাদা টি-শার্ট, নীল সোজা কাট জিন্স, হালকা অলংকার ও রোদচশমায় তাকে দেখা যায় স্বাভাবিক ও মার্জিত লুকে। প্রেক্ষাগৃহে পৌঁছাতেই ভক্তদের ভিড় তাকে ঘিরে ধরে। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি নিজের গাড়িতে ওঠেন।
এইচ বিনোথ পরিচালিত রাজনৈতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘জন নায়গন’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, প্রিয়ামণি এবং প্রকাশ রাজ।
উল্লেখ্য, পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ‘জন নায়গন’কেই বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে এবং বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি


