ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসের জবাবদিহিতার দাবিতে আন্দোলনরত বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক দীর্ঘ ২৬ দিন পর মোদি সরকারের আশ্বাসে অনশন ভঙ্গ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি এই অনশন ভাঙেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করে।
অনশন ভঙ্গের বিষয়ে সোনাম ওয়াংচুক জানান, যে দীর্ঘ আলোচনা ও দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই অনশন চলাকালে তার ওজন প্রায় ১১ কেজি কমে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ৫৯ বছর বয়সী এই আন্দোলনকারীকে চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন।
মেদান্তা হাসপাতালে অনশন ভঙের সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস পড়ে শোনান। তিনি জানান যে যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়াদের বিরুদ্ধে কোনো আইনি মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষাসচিবকে অপসারণ এবং দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাকিং কোর্ট গঠনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে যৌথভাবে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। গত শনিবার তাকে সেখান থেকে আটক করে প্রথমে সরকারি হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে দিল্লির হাইকোর্টের নির্দেশে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়। বিখ্যাত ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের ফুনসুক ওয়াংডু চরিত্রটির অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ এর আগেও লাদাখের সম্পদ রক্ষা ও ষষ্ঠ তফসিলের দাবিতে একাধিকবার দীর্ঘ অনশন এবং আটকাদেশের মুখোমুখি হয়েছিলেন।


