ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার | চ্যানেল আই অনলাইন

ব্যাটে বলে উজ্জ্বল সাকিব, টানা দ্বিতীয় জয় জাফনার | চ্যানেল আই অনলাইন

গল গ্যালান্টসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল জাফনা কিংস। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে জয়ের পর কলম্বো ক্যাপসের বিপক্ষেও ধারাবাহিক দলটি। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় পেয়েছে জাফনা।

ডাম্বুলায় কলম্বোকে ৫ রানে হারিয়েছে জাফনা। টসে হেরে আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১৭৯ রান করে জাফনা। জবাবে ৯ উইকেটে ১৭৪ রানে থামে কলম্বো। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

জাফনার হয়ে ৮ নম্বরে ব্যাটে নামেন সাকিব আল হাসান। ১ চারে ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন সাকিব। বল হাতে ২ ওভার বল করেন টাইগার অলরাউন্ডার। ১৯ রানে ১ উইকেট নেন সাকিব।

জাফনার হয়ে ব্যাটিংয়ে ২২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন চামিন্দু বিক্রমাসিংহে। ৩০ বলে ৩৯ রান করেন কামিল মিশারা এবং ২৮ বলে ৩৪ রান করেন আভিস্কা ফের্নান্দো।

কলম্বো বোলারদের মধ্যে মুজিব উর রহমান ও শাহনাওয়াহ দাহানি নেন দুটি করে উইকেট। হাসান মাহমুদ ৪ ওভারে ৩৯ রান দিলেও কোনো উইকেট পাননি।

রানতাড়ায় নেমে কলম্বোর হয়ে ৪২ বলে ৫৮ রান করেন কামিন্দু মেন্ডিস। ১৫ বলে অপরাজিত ৩৪ রান করেন ওয়ানজুয়া সাহান। এছড়া শারুজান শানমুগানাথান ১৭ বলে ২৬ রান করেন।

জাফনার হয়ে সাকিবের ১ উইকেটের পাশাপাশি লিজাড উইলিয়ামস ৩ উইকেট নেন। দিলশান মাদুশাঙ্কা ও ট্রাভিন ম্যাথিউ নেন দুটি করে উইকেট।

Scroll to Top