৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ২০ জুলাই – যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলোর ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন। মির্জা ফখরুল জানান, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে এবং স্বাক্ষর করেছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে, বর্তমান আইন অনুযায়ী দলীয়ভাবে নির্বাচনের সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে এখন বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। তবে প্রতিটি পদক্ষেপ পারস্পরিক আলোচনার ভিত্তিতে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট ও ইসলাম ঐক্যজোটসহ মোট ৪১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই আয়োজনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে মহাসচিব আরও বলেন, ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। গত ১৫ ১৬ বছর যারা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে আন্দোলনের মাঠে ছিলেন, প্রধানমন্ত্রী তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমান সরকার অর্থনীতির ধ্বংসস্তূপ মেরামত এবং ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ভবিষ্যতে জনস্বার্থে তিনি প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন এবং সংস্কার কাজ ত্বরান্বিত করবেন।

এনএন/ ২০ জুলাই ২০২৬



Scroll to Top