এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, হামলা এখনও অব্যাহত রয়েছে। একইসঙ্গে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে।
চ্যানেল ওয়ানের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার ‘ওয়ান বুলেটিন’-এ একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিভিন্ন সরকারি দপ্তরে ঠিকাদারি কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। এসব ঠিকাদারির মধ্যে প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজও রয়েছে।

চ্যানেল ওয়ানের এডিটর-ইন-চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, প্রতিবেদনটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পরপরই চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে ধারাবাহিক সাইবার আক্রমণ শুরু হয়। ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামের দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়।
সাইবার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ বলেছে, ফেসবুক পেজের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তারা কাজ করে যাচ্ছে।




